খাগড়াছড়ির মানিকছড়িতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ জুন) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভুঁইয়া।
কর্মসূচির শুরুতে সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা, পুলিশ প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র্যালি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় নারী ও শিশু নির্যাতনের কুফল, বাল্যবিবাহের আইনি দিক এবং সামাজিক প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জহির রায়হান, মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রেহেনা মোস্তফা, সমবায় কর্মকর্তা সংগীতা ভৌমিক ও পুলিশের উপ-পরিদর্শক সাদ্দাম হোসেন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, “নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা এবং বাল্যবিবাহমুক্ত সমাজ গঠন সরকারের অন্যতম অগ্রাধিকার। এটি কেবল প্রশাসনের কাজ নয়; একটি নিরাপদ ও বৈষম্যহীন সমাজ গড়তে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিসহ সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
মো. রবিউল হোসেন 









