নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রামঃ
চট্টগ্রামের হাটহাজারিতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি দিনব্যাপী বিভিন্ন সামাজিক সেবামূলক ও উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করেন।
হাটহাজারী ১২ নং চিকনদন্ডী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষ্যে অতিদরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ (VGF) চাল বিতরণ করেন।
ত্রাণ সহায়তা নিতে উপস্থিত উপকারভোগী মানুষের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান আপনাদের সকলের দুঃখ, কষ্ট ও গ্লানি দূর করতে চান। তিনি চান সমাজের প্রথম সারির সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন করতে। মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান ঘোষিত বাংলাদেশের অতি দরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন, অর্থনৈতিক মুক্তি এবং একটি উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর এই দূরদর্শী রূপকল্প ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে এবং দেশের সামগ্রিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে মাঠপর্যায়ে সকল উন্নয়ন কাজ জোরালোভাবে চালিয়ে যাওয়া হবে বলে জানান ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি উপকারভোগীদের উদ্দেশ্য আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আপনাদের স্বাবলম্বী করতে আন্তরিকভাবে কাজ করছে। তবে সরকারের এই ইচ্ছা ও প্রচেষ্টাকে সফল করতে আপনাদেরও এগিয়ে আসতে হবে। একটু ভালো থাকার জন্য, উন্নত জীবনের জন্য আপনাদেরও সর্বাত্মক চেষ্টা থাকতে হবে। তবেই আমরা সম্মিলিতভাবে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব।
সকালের কর্মসূচি শেষে দুপুরে প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি সামাজিক সেবা প্রদান ও আত্মকর্মসংস্থান কর্মসূচির আওতায় হালদা তীরবর্তী নিবন্ধিত মৎস্যজীবী জেলে সম্প্রদায়ের পরিবারের মাঝে বিকল্প কর্মসংস্থান হিসেবে ছাগল বিতরণ করেন।
এরপর তিনি হাটহাজারী পৌরসভার বাস্তবায়নে এলজিসিআরআরপি (LGCRRP) বিশ্বব্যাংক প্রকল্পের আওতায় ‘Smart Street Lighting Development’ প্রকল্পের অধীনে বানজইন-উপজেলা-কলেজ রোড-বাসস্ট্যান্ড-এগারো মাইল এবং পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়-কাচারী সড়ক-রামকুঁনি সড়কের আধুনিক সড়ক বাতি জ্বালিয়ে শুভ উদ্বোধন করেন। পরবর্তীতে প্রতিমন্ত্রী হাটহাজারী পৌরসভার কামাল পাড়া রামকুনি সড়ক ও শাহজালাল পাড়া কার্পেটিং দ্বারা উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন ঘোষণা করেন।এসব জনকল্যাণমূলক ও উন্নয়নমুখী কর্মসূচিতে হাটহাজারী উপজেলা ও পৌর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব সংবাদদাতা 

